আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ও ভোট গণনায় স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের এবার দুটি ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি থাকায় এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ইসি সচিব বলেন, প্রবাসী ভোটার ও অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ভিন্ন ব্যালট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটি ব্যালটের পাশাপাশি প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট গণনায় বাড়তি সময় লাগতে পারে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
উদাহরণ হিসেবে তিনি জানান, ফেনী-৩ আসনে ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা আসনে ১৩ হাজার ৯৩৯ জন পোস্টাল ভোটার নিবন্ধিত হয়েছেন। একটি কেন্দ্রে গড়ে তিন হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের সংখ্যা তার পাঁচ থেকে ছয় গুণ বেশি, যা ফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।
নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেন, ইসি ৮৩টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে, যার মধ্যে ৩৬টি সংস্থা ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি বর্তমানে ঢাকায় রয়েছেন, যা ধাপে ধাপে ২৭৫ থেকে ৩০০ জনে পৌঁছাতে পারে। এ ছাড়া কমনওয়েলথ ও তুরস্ক থেকেও পর্যবেক্ষক আসার কথা রয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
কালো টাকার প্রভাব ঠেকাতে মোবাইল ব্যাংকিং ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিং পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নেই। তবে লেনদেনের ওপর একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হতে পারে।
ইসি সচিব জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন এবং নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে। সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে এবং সর্বনিম্ন ২ জন প্রার্থী পিরোজপুর-১ আসনে।